আরিফ রববানী ময়মনসিংহ।।
রাতের আঁধারে হতদরিদ্র ও অসহায় পরিবার খুঁজে বের করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খাগডহর দুলাল বাড়ি গুচ্ছগ্রামে ব্রহ্মপুত্র গুচ্ছ গ্রাম ১,২,৩ এ ২৪০টি পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো পোলাওয়ের চাল, তেল, চিনি, লাচ্ছা, সাবান ও বাদামসহ কিচমিচের প্যাকেটনইত্যাদি। ইউএনও সাইফুল ইসলাম জানান, করোনার লকডাউন পরিস্থিতিতে যারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন তাদেরকে খুঁজে বের করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো উপহার সামগ্রী নিজ হাতে তুলে দিচ্ছি। আগামিকাল বৃহস্পতিবার রাতেও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম গ্রামে ঘুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন বলেও জানান তিনি। এদিকে, ইউএনও সাইফুল ইসলামের হাতে সহায়তা পেয়ে খুশি কর্মহীন ও অসহায় মানুষগুলো। আর সুশীল সমাজ বলছেন, অসহায়দের প্রতি ইউএনও’র ভিন্ন পন্থার অবলম্বন নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ। ইউএনও সাইফুল ইসলাম যোগদানের পর থেকে ব্যতিক্রমী কিছু কর্মকাণ্ডে বেশ সাড়া ফেলেছেন সদর উপজেলায়। এরআগেও তিনি বিভিন্ন এলাকার বাড়ি ঘুরে প্রকৃত হতদরিদ্র ও কর্মহীন অসহায় মানুষ খুঁজে বের করে তাদের ঘর করে দেয়া, ত্রাণ সামগ্রী ও আর্থিকসহ বিভিন্ন সহায়তা দিয়েছেন। শুধু তাই নয়, ময়মনসিংহ সদর উপজেলার শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নসহ সার্বিক বিষয়েও রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউএনও সাইফুল ইসলাম ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে