আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি অস্বাস্থ্যকর সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৪০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। বুধবার (২৯শে এপ্রিল)উপজেলার পৌর শহরের পোড়াবাড়ি রোডে চরপাড়া নামক স্থানে অবস্থিত সাইমা সেমাই ফ্যাক্টরিতে উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল ও সহকারী কমিশনার (ভূমি), ত্রিশালের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান-সাইমা সেমাই ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও প্যাকেটজাত করার চিত্র পরিলক্ষিত হয়। এছাড়াও উপস্থিত কর্মীরা কেহই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বা গ্লাভস পরিধান করেন নি। সেমাইয়ের খামির উন্মুক্তভাবে রাখা ছিল এবং তাতে ময়লা ও পোকা দেখা যায়। সেমাই উৎপাদনে ব্যবহৃত ডালডা নোংরা অবস্থায় মেঝেতে পরে ছিল এবং তাতে ময়লা জমে ছিল। কারখানার ভিতর ও তার আশেপাশের পরিবেশ নোংরা ছিল যা খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য একান্তভাবে সহায়ক নয় এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এসকল দিক বিবেচনায় নিয়ে ক্রেতাদের অর্থহানী ও স্বাস্থ্যহানী রোধকল্পে সাইমা সেমাই ফ্যাক্টরির ম্যানেজারকে
সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তরিকুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৪০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তিনি জানান- অর্থদন্ডের টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
এসময় কারখানা কর্তৃপক্ষ অতি দ্রুত কারখানায় উপযুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে বলেও ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান-জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় উক্ত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।তিনি মোবাইল কোর্ট কে সহযোগিতা করতে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে