Breaking News
Home / Uncategorized / লকডাউনে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সদস্যদের তথ্য হালনাগাদের নোটিশ দিল সমবায় অধিদপ্তর !

লকডাউনে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সদস্যদের তথ্য হালনাগাদের নোটিশ দিল সমবায় অধিদপ্তর !

 

এপ্রিল ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সমবায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধকের দফতর থেকে পত্রিকায় একটি নোটিশ দেয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে যে, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) এ তালিকাভূক্ত ৮ লক্ষ ৫০ হাজার সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা কো-অপারেটিভ সোসাইটিকে পুনরায় সচল করতে যাচ্ছে। এই লক্ষ্যে সকল সদস্যের সদস্যপদ নবায়ন বা হালনাগাদ করার জন্য বলেছে।

বিগত ১১ এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠিত সোসাইটির এডহক কমিটির সভায় সিদ্ধান্তের আলোকে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত ঐ নোটিশে বলা হয়েছে সোসাইটির সদস্যদের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বর্তমানে সক্রিয় সদস্যদের সমন্বয়ে একটি হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করা হচ্ছে। এ জন্য প্রত্যেক সদস্যকে কমপক্ষে ৫০০ টাকা সঞ্চয় আমানত আগামী ২৭ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে সমবায় ভবন ২য় তলা, কক্ষ নং- ২১২, আগারগাঁও ঢাকা বিভাগীয় অফিসে জমা দিবে। অত:পর রশিদ সংগ্রহ ও সদস্য রেজিস্ট্রার হালনাগাদ করার নিমিত্তে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে এডহক কমিটির সংশ্লিষ্ট সভাপতি অনুরোধ করেছেন।

নোটিশে আরো বলা হয়েছে যে, যেসকল সদস্য নোটিশ মোতাবেক নির্ধারিত সময় ২৭ এপ্রিলের মধ্যে উল্লেখিত ৫০০ টাকার সঞ্চয় আমানত জমা করে সদস্য রেজিস্ট্রারের তথ্য হালনাগাদ করবেন শুধু মাত্র তারাই সমবায় সমিতির আইন ২০০২ ও ২০১৩ অনুযায়ী খসড়া ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হবেন। পরবর্তীতে তারা সোসাইটির কাউন্সিল নির্বাচনে ভোট দিতে পারবেন ও নিজে প্রার্থী হতে পারবেন। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগের জন্য যে ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়েছেন তা হলো- সমবায় ভবন, ২য় তলা, কক্ষ নং- ২১২, আগারগাঁও, ঢাকা-১২০৭, মোবাইল নাম্বার-০১৫৫০০২৭০৮৫ ও ০১৫৫২৪৮৭৮২৪।

প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে এডহক কমিটির সদস্য মহসিন মজুমদার কর্পোরেট সংবাদকে জানান যে, চলমান লকডাউনে যারা ৫০০ টাকার সঞ্চয় আমানত জমা দিতে পারবে তাদের সদস্যপদ নবায়ন হবে। আর যারা জমা দিতে পারবেনা তাদের জন্য সমবায় আইন অনুযায়ী নোটিশ জারির পর ১৫ দিন পর্যন্ত জমা দিতে পারবে। তবে পরবর্তীতে আর সময় বাড়ানোর নোটিশ দেয়া হবে না। আর লকডাউনের সময়সীমা বাড়ানোর ফলে যারা অতিরিক্ত ১৫ দিনের মধ্যেও জমা দিতে পারবেনা তাদের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (ডিএমসিএসএল) একজন শেয়ার হোল্ডার মো: জাকির হোসেন কর্পোরেট সংবাদকে বলেন, লকডাউনের কারণে সব কিছু বন্ধ, দেশের পরিস্থিতিও ভাল না তাই আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না তবে ধারণা করা হচ্ছে চলমান লকডাউনে সবকিছু বন্ধ থাকা অবস্থায় সোসাইটির একটি অংশ সমবায় অধিদপ্তরকে প্রভাবিত করে কোন রকম গোজামিলের একটি ইলেকশনের মাধ্যমে সোসাইটির একটি নির্বাচিত কাউন্সিল দেখানো, যাতে করে সোসাইটিতে কোন ফেয়ার ইলেকশন না হয়।

এ বিষয়ে ডিএমসিএসএল এর অপর একজন শেয়ার হোল্ডার মো: আজম আলীর বলেন, আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না।

ডিএমসিএসএল এর অপর শেয়ার হোল্ডার লে: জেনারেল এম. হারুন-অর-রশিদ কর্পোরেট সংবাদকে বলেন, ডিএমসিএসএল এর সদস্যদের সদস্যপদ নবায়ন বা হালনাগাদ করার জন্য অবশ্যই সময় দিতে হবে। চলমান লকডাউনের কারণে সময় বাড়ানো ছাড়া আর কোন উপায় নাই।

ডিএমসিএসএল এর সদস্য মো: ইউসুফ পাটোয়ারী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে পুনরায় সচল করা এবং এর সকল সদস্যদের সদস্যপদ হালনাগাদ করার সিদ্ধান্ত খুবই আনন্দের বিষয়। তবে চলমান লকডাইনের মধ্যে সদস্য ফি জমা নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত তা ভাববার বিষয়। দেশের এই কঠিন পরিস্থিতিতে সমবায় অধিদপ্তরে গিয়ে টাকা জমা দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাই কর্তৃপক্ষকে বিষয়টি ভেবে দেখা উচিত।

চলমান লকডাউনের মধ্যে ডিএমসিএসএল এর এডহক কমিটি পর্ষদ সভা করে লকডাউন চলাকালীন সময়ে ২৭ এপ্রিল ২০২১ এর মধ্যে ৫০০ টাকা সঞ্চয় আমানত জমা দিয়ে সদস্য হালনাগাদ করার বিষয়টি কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!