আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহের নতুন বাজার এলাকায় রাস্তা ও ফুটপাতের উপর স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ই জুন) দুপুরে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকালে দোকানের সরঞ্জাম রেখে চলে যাওয়া দেকানীদের সরঞ্জামগুলো জব্দ ও ধ্বংস করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, একই অপরাধের পুনরাবৃত্তি ঘটানোর কারণে উচ্ছেদের পরপর একই স্থানে ফুটপাত ও রাস্তা দখল করে বসে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দায়িত্বহীনতা ও আইন অমান্য করার প্রবণতাকেই প্রকাশ করছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে সকল মালামাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে মসিকের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে অভিযান সফল করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে