আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ তারাকান্দা উপজেলার ১০ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল। গতকাল শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। বেশির ভাগ ইউপির ভোটাররা বলছেন, সুষ্ঠু ও অবাধ ভোট হলে বিদ্রোহী ও আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে লড়াই হবে। তা ছাড়া বিএনপি দলীয়ভাবে নির্বাচন করছে না বলে কোথাও কোথাও বিদ্রোহীরা সেই ভোট নিজেদের বাক্সে পেতে পারেন। তবে সবকিছুই নির্ভর করছে ভোটের সুষ্ঠু পরিবেশের ওপর। এদিকে প্রশাসন বলছে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার সরেজমিন দেখা গেছে, প্রার্থী ও কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত উপজেলার বিভিন্ন এলাকা। শেষ মুহূর্তের প্রচারে শুক্রবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। উপজেলার দশ ইউপির বেশীর ভাগ ইউনিয়নেই রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও প্রতিটি ইউনিয়নে বিএনপির কর্মীরা সমর্থন দিচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের। বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিদ্রোহীদের চাপে বেকায়দায় আছেন নৌকার প্রার্থীরা।
জেলা এবং উপজেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দলের সব নেতা-কর্মীকে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটারদেরও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, ‘নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা মোকাবিলার জন্য একাধিক নির্বাহী হাকিম, তিন প্লাটুন বিজিবি, তিনটি ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ দায়িত্ব পালন করবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে হউক, তাকে কোন মতেই ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।
ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রার্থী ও কর্মী-সমর্থকদের হুঁশিয়ার করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে চরম শাস্তি পেতে হবে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে