আরিফ রববানী,ময়মনসিংহ
রাখব নিস্কন্টক জমি, বাড়ি, করব সবাই ই-নামজারি,” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, সেমিনার, প্রশিক্ষণ, ভূমি বিষয়ক পরামর্শ সেবা, গণ শুনানী, তাৎক্ষনিক সেবাসহ সপ্তাহ ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (৬ই জুন) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী । এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো, প্রধান সহকারী, নাজির,ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন ভূইয়াসহ উপজেলার সকল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাগণ।
প্রধান অথিতির বক্তব্যে নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সরাসরি সহকারী কমিশনার (ভূমি)র সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া যে কেউ চাইলে ঘরে বসে ই-সেবা গ্রহণ করতে পারবেন। এসম তিনি স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত পরিবেশে ভূমি সেবা কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকল ভূমি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
এবারের ভূমি সেবা সপ্তাহের বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে, সহজে, স্বল্প সময়ে নির্ধারিত ফি-তে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত করা হবে। “দেশের যে কোনো উপজেলা ভূমি অফিসে ই-নামজারির আবেদন প্রক্রিয়া প্রদর্শন এবং লিখিত অনুসরণীয় বার্তা ও ফর্ম দেওয়া হবে এই সেবা ক্যাম্প থেকে।”
এছাড়া সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং খাস জমি বন্দোবস্ত, রিভিউ মোকদ্দমা ও বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ করে সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেবা ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ লাখ স্কাউটকে ভূমি বিষয়ে প্রাথমিক জ্ঞান দেওয়া হবে। স্কাউটরা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ অন্যান্য সেবা সংক্রান্ত কাজে প্রত্যক্ষভাবে অংশ নেবেন।
এছাড়া ‘ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা’ নামে বিদ্যালয় পর্যায়ে সর্বোচ্চ এক হাজার এবং কলেজ পর্যায়ে সর্বোচ্চ দেড় হাজার শব্দের রচনা প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এ প্রতিযোগিতায় সেরা তিনজনকে দেওয়া হবে পুরস্কার।
যেসব ব্যাংক সার্টিফিকেট মামলা সংশ্লিষ্ট কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের কার্যক্রমও সেবা ক্যাম্পে প্রদর্শন করা হবে। এছাড়া জরিপ সংক্রান্ত কার্যক্রম, ভূমি অধিগ্রহণ ও গুচ্ছগ্রাম প্রকল্প নিয়েও সেবা ক্যাম্প থেকে জনগণকে অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে