আরিফ রববানী ময়মনসিংহ।।
মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে ত্রিশাল উপজেলায় ২য় পর্যায়ে গৃহ নির্মাণ কাজের গুণগত মান যাচাই বাছাই করতে প্রকল্প গুলো পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম।
২২শে মে সকালে তিনি ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে বরাদ্দকৃত প্রথম পর্যায়ে ৫০টি ও দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত নির্মাণাধীন ৪০ টি ঘরের নির্মাণ কাজের গুণগত মান যাচাইয়ে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সাথে সহকারী কমিশনার (ভূমি), তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভূমি অফিসের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
তদারকি কার্যক্রমের অংশ হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জাহাঙ্গীর আলম ত্রিশাল উপজেলার বিভিন্ন গৃহ নির্মাণ সাইট পরিদর্শন করেন। এসময় তিনি কাজের গুনগত মান বজায় রেখে ও ডিজাইন অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি ১ম পর্যায়ে বরাদ্দকৃত ঘরের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। প্রথম পর্যায়ে বরাদ্দকৃত সকল ঘরে দ্রুততম সময়ে পানি ও বিদ্যুত সংযোগ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদানসহ গৃহ নির্মাণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতায় সঠিকভাবে এ কার্যক্রম বাস্তবায়িত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসন ময়মনসিংহের সার্বিক মনিটরিং ও উপজেলা প্রশাসন ত্রিশালের তত্ত্বাবধানে এ ঘরগুলো সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। প্রথম পর্যায়ের মত দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত এই ঘরগুলোও সুন্দর ও সঠিকভাবে নির্মাণকরে উপযুক্ত উপকারভোগীদের কে দখল বুঝিয়ে দিতে তিনি ত্রিশাল উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে